আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার (৯ আগস্ট) দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেন ১৮টি দলের নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচনসহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আগামী দিনে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলাম, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করবো।
প্রত্যাশা ব্যক্ত তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।
পাশাপাশি নির্বাচনের বিরূপ প্রভাব পড়তে পারে এমন বক্তব্য ও বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
দ্বিতীয় দিনে শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১৮টি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রথমে জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা সাড়ে ৫টায় আমজনতা দল ও গণফোরাম, সন্ধ্যা ৬টায় এনডিএম, সাড়ে ৬টায় গণ অধিকার পরিষদ, সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসময় তারেক রহমান সমমনা দল ও জোটগুলোকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।
তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আলোচনায় অংশ নেন।
স্টাফ রিপোর্টার 





















