বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি সোমবার স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং অভিবাসন ব্যবস্থার ক্ষেত্রে এটি নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।
সৌদি আরব ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি প্রথমবারের মতো সাধারণ শ্রমিক নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি। এর আগে বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। ১৯৭৬ সালে প্রথমবার শ্রমিক প্রেরণ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন। তারা দেশের রেমিট্যান্স প্রবাহের প্রধান উৎস।
চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ, অর্ধ-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানো আরও সহজ হবে। পাশাপাশি কর্মীদের অধিকার সুরক্ষা, আকামা নবায়ন এবং এক্সিট ভিসাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।
কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য যৌথ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন ব্যবস্থা চালু হবে। অবৈধ দালাল প্রতিরোধে যৌথ মনিটরিং সিস্টেম গড়ে তোলা হবে এবং ডিজিটাল যাচাই ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যারা বছরে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান। এই চুক্তি কার্যকর হলে আগামী দুই বছরে সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 






















