ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি’__ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কন্যা দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে
উপজেলা পরিষদের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান,ঈশ্বরগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রজিত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা,বৈষম্যবিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজীব,গণঅধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল-আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, কন্যাশিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। আর সমাজ আলোকিত হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।এ জন্য প্রতিটি কন্যাশিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়, জীবন গড়ার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।





















