টাঙ্গাইলের সখীপুর উপজেলার আলোচিত কচুয়া–আড়াইপাড়া সড়ক সংস্কারের কাজ অবশেষে শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ভুক্তভোগী এলাকাবাসী ও সিএনজি চালকদের মানববন্ধনের পর মঙ্গলবার থেকে সড়ক সংস্কার কাজ শুরু হয়।
এর আগে লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল ব্যক্তিগত অর্থায়নে সখীপুর উপজেলার বিভিন্ন খানাখন্দ সড়ক সংস্কারের উদ্যোগ নেন। সর্বশেষ তিনি কচুয়া–আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ শুরু করলে ৫ অক্টোবর আইনি জটিলতার অজুহাতে কাজটি বন্ধ করে দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর।
এরপর ৬ অক্টোবর সিএনজি চালক ও এলাকাবাসী ওই সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনের পরই টনক নড়ে সওজের। গতকাল (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হয়েছে আলোচিত কচুয়া–আড়াইপাড়া সড়ক সংস্কারের কাজ।
সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান বলেন, কচুয়া–আড়াইপাড়া সড়কের খানাখন্দ সংস্কারের কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে পুরো সড়কটি সংস্কার সম্পন্ন করা হবে।





















