ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ১৬ বছরে হওয়া সব নির্বাচন ভুয়া ও কারচুপিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।
বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের অধীনে সব নির্বাচন ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ’।
এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে লুইজ ইনাসিও কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সফরের আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
বৈঠকে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য দূরীকরণের কৌশলসহ পরস্পরের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
লুইজ ইনাসিও বলেন, ‘ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা ও মাইক্রোক্রেডিটের কাজ থেকে শিখতে চায়।’ জবাবে মুহাম্মদ ইউনুস বলেন, সেটি দারুণ হবে।
বৈঠকে দুই নেতা গভীর সমুদ্র মাছ ধরা, ওষুধ শিল্প-বিশেষ করে ভ্যাকসিনের পেটেন্ট-মুক্ত এবং সাশ্রয়ী করার প্রচেষ্টা—পরিবেশ পরিবর্তন মোকাবিলা, এবং ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে যুবকেন্দ্রিক আন্দোলনের ওপর সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেন।
প্রধান উপদেষ্টা তার আগের ব্রাজিল সফরের কথা স্মরণ করান, যার মধ্যে ২০০৮ সালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং ২০২৩ সালের অক্টোবর মাসে প্রধান ব্রাজিলিয়ান শহরে তার সফর অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকের এক উষ্ণ মুহূর্তে দুই নেতা ফুটবল নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। তারা ফুটবলকে একটি বিশ্বজনীন ঐক্যের শক্তি হিসেবে উদযাপন করেন। মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন যে, বাংলাদেশে ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি প্রবল উচ্ছ্বাস রয়েছে। বাংলাদেশের প্রতিটি গ্রামে মানুষ ব্রাজিলকে সমর্থন করে।
বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। কয়েকজন ব্রাজিলিয়ান মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাও বৈঠকে ছিলেন।
স্টাফ রিপোর্টার 






















