ঢাকার মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হয়।
ডিবি সূত্র জানিয়েছে, চুরিতে সরাসরি তিনজন জড়িত ছিলেন। দুজন রশি ব্যবহার করে ভবনের তৃতীয় তলায় প্রবেশ করেন, আর একজন নিচে মোটরসাইকেলে অপেক্ষা করছিল। চুরি শেষে স্বর্ণালংকার চোরচক্রের সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই চক্রের চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। একজনের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়াও অন্যান্যদের কাছ থেকেও সোনা ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, চোরচক্রের দুইজন বোরকা পরে শপিং মলের জানালার গ্রিল ভেঙে তৃতীয় তলায় প্রবেশ করেন। এরপর দোতলায় থাকা কলাপসিবল গেট ভেঙে শোকেসে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। ডিবির তৎপরতায় তারা এগুলো বিক্রি করতে পারেনি। অভিযানের সময় এক চোরের বাড়ির উঠানের পাশে মাটির নিচ থেকে লাল শপিং ব্যাগে মোড়ানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আরও কয়েকটি স্থান থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানিয়েছেন, ৮ অক্টোবর রাত ৯টার পর দোকান বন্ধ ছিল। পরের দিন সকাল সাড়ে ৬টার দিকে দারোয়ানের মাধ্যমে দোকানে এসে দেখা যায়, স্বর্ণালংকার সম্পূর্ণ হারিয়ে গেছে। দোকানের ৫০০ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৪০০ ভরি নিজের ও ১০০ ভরি বন্ধকী ছিল। বর্তমান বাজারে এ স্বর্ণের মূল্য প্রায় ১০ কোটি টাকা।
মামলা অনুসারে চুরি সংঘটিত হয় ৮ অক্টোবর রাত ৯টা থেকে ৯ অক্টোবর ভোর সাড়ে ৬টার মধ্যে। ডিবি তাদের গোয়েন্দা তৎপরতায় দ্রুত চক্রটি সনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
স্টাফ রিপোর্টার 






















