বিএনপির গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে এই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। হামলাকারীরা তার মোবাইল ফোন ও পরিচয়পত্র কেড়ে নেয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বিএনপির সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে। অন্যান্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে জাহিদুল ইসলামও সংবাদ সংগ্রহে সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে সভাকক্ষের দরজায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে অফিসে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিডিয়া সেলের সঙ্গে সম্পৃক্ত “আমরা বিএনপি” পেজের ক্যামেরাপারসন ফয়সলের নেতৃত্বে কয়েকজন জাহিদের ওপর হামলা চালান। তারা জাহিদকে অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে আছড়ে ভেঙে ফেলেন। পরে তার সংবাদপত্রের পরিচয়পত্রও কেড়ে নেন।
হামলাকারীরা অভিযোগ করেন, “আমার দেশ বিএনপির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছে।” একপর্যায়ে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা জাহিদুলকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার 






















