নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে।
জব্দকৃত মদের মধ্যে রয়েছে—৪১ বোতল এমসি ডুয়েলস, ১২ বোতল এসি ব্ল্যাক এবং ১২ বোতল আইস ভদকা—এই তিন ব্র্যান্ডের ভারতীয় মদ।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
অধিনায়ক জানান, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপি’র সাত সদস্যের বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে খারনৈ ইউনিয়নের বনবেড়া নামক এলাকা থেকে, সীমান্ত পিলার ১১৮০/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, মালিকবিহীন অবস্থায় ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা জব্দ করা হয়।
এর আগে, মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে লেংগুরা বিওপি’র সাত সদস্যের অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৭০ এমসি থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে, লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল এমসি ডুয়েলস ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।
৩১ বিজিবি’র অধিনায়ক আরো জানান, জব্দকৃত মোট ৬৫ বোতল বিদেশী মদ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
























