নরসিংদী জেলা পুলিশের নিয়মিত অভিযানে উদ্ধার হওয়া ৩০৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, জেলার সাতটি থানা—সদর, শিবপুর, রায়পুরা, বেলাব, পলাশ, মনোহরদী ও মাধবদী—এবং পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার বিশেষ টিম গত এক মাসে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এসব ফোনের মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও IMEI নম্বরের মাধ্যমে প্রযুক্তিগতভাবে শনাক্ত করা হয়।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, তাঁরা ভেবেছিলেন ফোন আর পাওয়া যাবে না, কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে তা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “জনগণের সম্পদ রক্ষা ও তাদের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো ফোন ফেরত দেওয়া শুধু দায়িত্ব নয়—এটি জনগণ ও পুলিশের সম্পর্ককে আরও দৃঢ় করে।” তিনি আরও জানান, জেলা পুলিশের প্রতিটি ইউনিট এখন প্রযুক্তিনির্ভর সেবা দিচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের নির্দেশে নরসিংদী জেলা পুলিশের এলআইসি শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে হারানো মোবাইল শনাক্ত ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
স্টাফ রিপোর্টার 




















