যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়িতে শনিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান আলী (২১) নিহত হন, তার স্ত্রী প্রিয়াংকা (১৯) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও প্রিয়াংকা যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসানকে মৃত ঘোষণা করা হয়। আহত স্ত্রী প্রিয়াংকা বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।
নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন আলী বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 




















