রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রোববার রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসার সামনে ককটেল দুটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশপাশের নিরাপত্তা জোরদার করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের ঘটনায় অস্থিরতা বৃদ্ধি পায়। পুলিশ অভিযানে অন্তত ১৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে, যা কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 




















