ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ(১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা জাটিয়া ইউনিয়নের মালিয়াটি সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্কু্ল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ প্রদান করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন,’ আজ প্রাথমিকভাবে একটি বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং সরবারহ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন,’প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুষ্টির অভাব ও বিদ্যালয় চলাকালীন শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূরীকরণেও সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে । এই কর্মসূচি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে।”
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















