হবিগঞ্জে পাচারের জন্য প্রস্তুত অবস্থায় প্রায় তিন কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। পাথরের নিচে বিশেষ কৌশলে এসব পণ্য লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মধ্যে ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের কসমেটিকস, প্রসাধনী সামগ্রী এবং খাদ্যপণ্য ফুচকা রয়েছে।
গোপন সংবাদ পেয়ে রোববার গভীর রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে ট্রাক দুটির পাথরের বোঝার নিচে লুকানো অবস্থায় ভারতীয় পণ্য এবং কাভার্ড ভ্যান থেকে খাদ্যপণ্য ফুচকা উদ্ধার করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালানকারীরা এখন আরও চতুর হয়ে উঠেছে এবং ট্রাকে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিজিবিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।
তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং এই ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 




















