নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল মণ্ডলের গুদামঘর থেকে অবৈধভাবে মজুত রাখা ১৪৯ বস্তা ডিএপি সার উদ্ধার করেছে উপজেলা কৃষি অফিস। বুধবার সন্ধ্যায় শিহাড়া ইউনিয়নের গোয়েন্দাপাড়া এলাকায় একটি বাগানের ভেতরে থাকা ‘সৈনিক ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
সৈনিক ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলাম শিহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
স্থানীয় সূত্র এবং কৃষি অফিস জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিপুল পরিমাণ ডিএপি সার মজুত করছিলেন। খবর পেয়ে কৃষি অফিসের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে মোট ১৪৯ বস্তা সার উদ্ধার করেন।
এ বিষয়ে সিরাজুল মণ্ডল জানান, তিনি একজন খুচরা সার ব্যবসায়ী। তাঁর দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে থাকলেও ডিএপি নেই। স্থানীয় ডিলারদের কাছেও সার পাওয়া না যাওয়ায় নওগাঁর ডিলার নয়ন শীলের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে সার কিনে আনছিলেন। তাঁর ভাষায়, ‘কোম্পানিতে টাকা দিয়ে ডিএপি সার আনিয়েছি, পরে কৃষি অফিস এসে সব জব্দ করে নিয়ে যায়।’
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, জব্দ করা সারের বস্তাগুলো উপজেলা গুদামে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, সারগুলো কোথা থেকে এসেছে তা নিশ্চিত হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 




















