রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার ঘটনায় একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং এনসিপি জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এই ভুলের জন্য ক্ষমা চান।
ফেসবুক পোস্টে মোতালেব লেখেন, তিনি দলীয় সংঘাত প্রসঙ্গে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেল ও তার সহযোগী আওয়ামীপন্থী সাইফুলের বিষয়ে মন্তব্য করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ্য সংগঠক সারজিস আলমকে সেই আলোচনায় যুক্ত করেছেন। তিনি স্বীকার করেন, সারজিস আলমকে এভাবে জড়িয়ে ফেলা তাঁর ভুল ছিল এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।
এর ঠিক আগের দিন শুক্রবার রাতে প্রকাশিত আরেকটি স্ট্যাটাসে মোতালেব সাইফুল ইসলামকে এনসিপিতে অন্তর্ভুক্ত করা এবং পদ দেওয়ার জন্য রাজশাহী বিভাগের সংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে দায়ী করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইমরান ইমনের সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং অভিযোগ জানানোর পরও সারজিস এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। সেই স্ট্যাটাসেই তিনি সারজিসকে রাজশাহীর মাটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
জানা গেছে, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করলে দলের একাংশ তীব্র অসন্তোষ প্রকাশ করে। সাইফুলকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সেই অংশ আন্দোলনে নেমে আসে এবং কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোতালেব হোসেনের কাছে তাঁর দুঃখ প্রকাশের বিষয়টি জানতে ফোন করা হলেও তিনি কল ধরেননি। ফলে তাঁর প্রত্যক্ষ মন্তব্য সংগ্রহ সম্ভব হয়নি।
এই ঘটনা ঘিরে রাজশাহী এনসিপির মধ্যে উত্তেজনা বাড়লেও স্থানীয় রাজনীতিতে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্টাফ রিপোর্টার 




















