আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতন এবং ২৪ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যানের মাধ্যমে তাদের সবুজ রঙের, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে আনা হয়। ট্রাইব্যুনাল এলাকা সংলগ্ন সব রাস্তা ও প্রবেশপথে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেআইসি সেলে গুম-নির্যাতনের মামলায় প্রসিকিউশন পাঁচটি অভিযোগ উপস্থাপন করেছে। ট্রাইব্যুনাল-১ আজ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে। এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাকিরা পলাতক রয়েছেন।
অন্যদিকে, র্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি আজ হবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ৩ ডিসেম্বর শুনানিতে গুমের ভয়াবহ বর্ণনা তুলে অভিযোগ গঠনের আবেদন করেন।
মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায়, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে শুনানি আজ অনুষ্ঠিত হবে।
সেনা কর্মকর্তাদের হাজিরা উপলক্ষে হাইকোর্টের মূল ফটক ও ট্রাইব্যুনাল ফটকের দুই পাশে বিজিবি, র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে। এপিবিএনসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও নজরদারি দেখা গেছে।
স্টাফ রিপোর্টার 






















