বাইরে কনকনে শীত। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের ও ভাসমানরা। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে উষ্ণ উপহার নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন।
স্থানীয়রা জানান, চলমান শৈত্যপ্রবাহের শুরু থেকে প্রায় প্রতি রাতেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি তার এই মানবিক উদ্যোগে হাসি ফুটেছে অনেক দরিদ্র মানুষের মুখে।
কম্বল পেয়ে এক শীতার্ত ব্যক্তি বলেন, “শীতের কষ্ট হচ্ছিল, হঠাৎ স্যার এসে কম্বল দিলেন। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন, আমাদের মতো গরিব মানুষের কথা তিনি ভেবেছেন।”
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনের এ মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয় সুধী সমাজের নেতারা। তারা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, “চেষ্টা করছি প্রকৃত শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবান মানুষদের এই শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”





















