নেত্রকোনার মদনে বোরো জমিতে চাষাবাদের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত তাজুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত অপর চারজন হলেন— দিলোয়ার, শামছুল ইসলাম, জসিম উদ্দিন ও আব্দুল আহাদ। তাঁদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের এখলাছ মিয়ার ছেলে লায়ন মিয়া মেইন রাস্তার পাশে একটি রাইস মিল স্থাপন করেন। ওই রাইস মিল থেকে কৌশলে বাড়ির পেছনের বোরো জমিতে পানি সেচ দেওয়া হচ্ছিল। এ নিয়ে ফুলচানের ভাতিজা দিলু মিয়ার সঙ্গে লাহুত মিয়ার তর্কবিতর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাইস মিল থেকে সেচের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে চাইলে মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান জানান, রাইস মিল থেকে সেচ সংযোগ কোনোভাবেই সম্ভব নয়। যদি এমন কোনো ঘটনা ঘটে এবং লিখিত অভিযোগ পাওয়া যায়, তবে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
এ ব্যাপারে মদন থানার ওসি হাসনাত জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





















