নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি বাসা থেকে মনির মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির পশ্চিম বাজার (ড্রেনপাড়) এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পুরাতন যন্ত্রপাতির টোকানের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া চানপুর রোড এলাকার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাসায় থাকতেন। সোমবার রাতে তিনি বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি।
মঙ্গলবার দুপুরে ওই বাসার ভাড়াটিয়া সোমা রানী দেবনাথ আটপাড়া উপজেলার শুনই এলাকা থেকে ফিরে বাসার দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি পেছনের দরজার ফাঁক দিয়ে মনির মিয়ার মাথা ঘরের ভেতরে ঢোকানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জড়ো হন। পরে পুলিশে খবর দেওয়া হলে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।























