মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ রয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী তারেক আজিজ(২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি কলেজ ছাত্র তারেক আজিজের। গত ২ এপ্রিল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল ৩ এপ্রিল ভোক্তভোগী পরিবার ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেন।
তারেকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তারেক পরিবারের সাথে ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। সে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মাস্টার্স উদ্ভিদ বিজ্ঞানের একজন শিক্ষার্থী।
তারেক আজিজের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার বলেন,ঘটনারদিন ২ এপ্রিল সকালের খাবার শেষে আনুমানিক বেলা ১১ টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে যায় আমার ছোট ভাই তারেক। ঢাকার তেজগাঁও থানা এলাকায় বসুন্ধরা শিপিং মলে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করে ফেরার সময় ২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে তারেকের মোবাইলে সংযোগ করা সম্ভব হচ্ছিল না। সেদিন রাত যত গভীর হচ্ছিল, ততোই আমাদের উদ্বেগ বাড়ছিল। তারপর আমরা ঢাকাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও তারেকের কোন সন্ধান পাইনি। আমার বাবা,মা ও পরিবারের লোকজন ছোট ভাইকে নিয়ে খুব উৎকণ্ঠায় আছেন। পুলিশ ও সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের দাবি তারা যেন আমার ভাইকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার এসআই মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি,কিন্তু এখনো কোন সন্ধান পাইনি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















