ময়মনসিংহের ভালুকা উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি দোকানে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আয়নাল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারগারা গ্রামের বাসিন্দা আয়নাল হকের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি স্থানীয় রামপুর চালা বাজারে অবস্থিত তার দোকানে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা দোকানে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় তার স্ত্রী আহত হন। এছাড়া দোকানের মালামাল নষ্ট করা হয় এবং ক্যাশবাক্সে থাকা প্রায় ১৫ হাজার টাকা ও প্রায় ৪ হাজার টাকার সিগারেট নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আয়নাল হক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় আয়নাল হক জুয়েল মিয়া, বিল্লাল হোসেন, আনু মিয়া ও নিলুফা নিলে-সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্ত বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আয়নাল হকের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মনগড়া অভিযোগ দিয়েছেন। আপনারা এলাকায় খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা প্রকাশ করুন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















