নেত্রকোনার শ্যামগঞ্জে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ‘বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় ডিলার মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার (ময়মনসিংহ অঞ্চল) কৃষিবিদ মো. সেলিম উর রহমান এবং রিজিওনাল সেলস ম্যানেজার (ময়মনসিংহ-১ অঞ্চল) মো. জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস অফিসার মাসুদ রানা এবং কৃষিবিদ রাগিব রায়হান মিঠু।
কর্মশালায় আধুনিক ও টেকসই কৃষির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নিরাপদ ফসল উৎপাদন এবং জনস্বাস্থ্য রক্ষায় রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে জৈব বালাইনাশকের ব্যবহার বর্তমান সময়ে অপরিহার্য। অনুষ্ঠানে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক বাজারজাতকৃত পরিবেশবান্ধব জৈব বালাইনাশক এবং উন্নত মানের বীজের সঠিক ব্যবহার নিয়ে কৃষকদের মাঝে বিস্তারিত তথ্য ও প্রযুক্তিগত কলাকৌশল তুলে ধরা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৫০ জন মডেল কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়। স্থানীয় কৃষকরা ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিরাপদ কৃষি পদ্ধতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। সফল এই কর্মশালার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

স্টাফ রিপোর্টার 
























