জামালপুরের বকশীগঞ্জে একই গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন দুইজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রী ।
নিখোঁজ স্কুল ছাত্রীরা হলেন আফসানা আক্তার (১৩) এবং আশা মনি (১১)।
নিখোঁজ আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
দুজনের বাড়িই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকালে আনুমানিক ৫ টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো: আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত মেয়েকে কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
ভুক্তভোগী পরিবার মেয়েদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে, ছাত্রী দুইজনকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
























