নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৩৮ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জের জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ মহাসড়কে নিয়মিত তল্লাশিকালে কলমাকান্দা থেকে আগত “সুখ সালমান” নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন যাত্রী এনামুল হোসাইন (১৯)-কে আটক করে তার সঙ্গে থাকা চালের সাদা বস্তা তল্লাশি করা হয়। পরে ওই বস্তার ভেতর থেকে ভারতীয় তৈরি ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটক এনামুল হোসাইন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সামছুল হক এবং মাতার নাম নাজমা বেগম।
এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ (আইসি) সেন্টু মিয়া জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মোঃ মোরসালিন, নিজস্ব প্রতিবেদক 






















