নেত্রকোনার কলমাকান্দায় আবুল হাসেম নামের এক বৃদ্ধ বাবার অভিযোগের প্রেক্ষিতে তার মাদকাসক্ত ছেলে ইমামুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এস এম মিকাইল ইসলাম।
একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়।
ইমামুলের বাড়ি কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার আবুল হাসেমের অভিযোগের প্রেক্ষিতে রাতে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তার মাদকাসক্ত ছেলে ইমামুলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(ক) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ২০০ টাকার অর্থদণ্ড দণ্ড দেন।
এর আগে গত ৯ মে ‘কলমাকান্দায় মাদক সেবনে বাধা, পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের কোপে বৃদ্ধ হাসপাতালে’ শিরোনামে দৈনিক যুগান্তরের প্রিন্ট ভার্সনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আবুল হাসেম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে সে স্ত্রী, মা ও বাবার ওপর প্রায়ই নির্যাতন চালাত। গত বৃহস্পতিবার গভীর রাতে ইমামুল তার স্ত্রীকে মারধর ও গলা চেপে ধরে। এ সময় বাধা দিতে গেলে আবুল হাসেমকেও মারধর করা হয়।
একপর্যায়ে ইমামুল অন্য ঘর থেকে একটি দা এনে তার দিকে তেড়ে যান। প্রাণভয়ে তিনি নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বাইরে থেকে দরজায় দা দিয়ে কোপ দিলে দরজা ভেঙে তার হাতের আঙুলে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত ইমামুলকে সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 





















