চাঁদা না পেয়ে মিথ্যাচার ও অপপ্রচার করায় বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ।
রোববার (১৭ মে) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনটি করেন ওই ছাত্র নেতা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহ বলেন, গত ১৪ মে বকশীগঞ্জ পৌর স্ট্যান্ড ইজারা দেওয়ার জন্য উন্মুক্ত ডাক দেওয়া হয়। ওই ডাকে বকশীগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মাসুদ বকশী পৌর প্রশাসক আসমা উল হুসনা ও অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে ২ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে বৈধভাবে ডেকে নেন। ডাকের পর সবাই এনএম হাইস্কুলে গেলে এর কিছুক্ষণ পর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী এনএম হাইস্কুল মাঠে গিয়ে সকলের সামনে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না হলে কিভাবে পৌর টুল আদায় করা হয় তা দেখে নেবেন বলে হুমকি প্রদান করেন।
পরে এনিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হলে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু রহমত আলী এবিষয়ে বিভিন্ন ভাবে মিথ্যাচার ও অপপ্রচার করতে থাকেন। তাঁকে কোন মারধর করা হয় নি।
এমনকি সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরকে জড়িয়েও মিথ্যাচার করেন।
সংবাদ সম্মেলনে আদিল আব্দুল্লাহ আরো বলেন, রহমত আলী একজন চিহ্নিত চাঁদাবাজ। সে কারো দ্বারা প্রভাবিত হয়ে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের নামে মিথ্যাচার করে তার সুনাম ক্ষুণ্ন করে যাচ্ছেন।
তাই তাঁর সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সেই সাথে তাঁকে দল থেকে বহিষ্কার করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করেন আদিল আব্দুল্লাহ।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন সওদাগর ও পৌর বিএনপির সদস্য সীমান্ত সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 






















