দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার অব্যাহত ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিশু রামিসাসহ সাম্প্রতিক শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার (২৩ মে) বিকেলে নগরের টাউনহল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে অন্যচিত্র ফাউন্ডেশন ও ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (ফেড), ময়মনসিংহ। এতে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে। শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ, প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, “শিশুরা আজ ঘর, স্কুল কিংবা সমাজ–কোথাও নিরাপদ নয়। একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্টের সভাপতি সেলিমা বেগম বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র–সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা মো. খাইরুল আলম তুহিন বলেন, “অব্যাহত ধর্ষণ ও হত্যার ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 





















