দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর অবশেষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর রেলস্টেশনে পুনরায় চালু হলো “মহুয়া কমিউটার” ট্রেনের স্টপেজ। সোমবার (২৫ মে ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রাবিরতি শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে আনন্দ ও স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি দীর্ঘ প্রায় এক বছর পর আবারও হিরণপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, হিরণপুর স্টেশনে পুনরায় ট্রেনের স্টপেজ চালু করা হবে। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনের স্টপেজ চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, হিরণপুর স্টেশনে ট্রেনের স্টপেজ বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহগামী যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হতো। পুনরায় স্টপেজ চালু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত এখন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে বলে তারা মনে করছেন।
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 



















