নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা ২ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা দক্ষিণ পাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী মোমিন মিয়ার ছেলে ইমন মিয়া নিহত মিলন মিয়ার কাছে ২ হাজার টাকা পেতেন। বুধবার সকালে সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। নিহত মিলন মিয়ার এক আত্মীয় ইমন মিয়ার মা হাবিয়া আক্তার কে মারধোর করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমন ধারালো দা দিয়ে মিলনের ঘাড়ে কোপ দেয়। এতে মিলন মারাত্মকভাবে জখম হন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ঘাতক ইমন মিয়া ও তার মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, ”
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পাওনা দুই হাজার টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ইমন ধারালো দা দিয়ে মিলনের ঘাড়ে আঘাত করে। বর্তমানে নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত ইমন মিয়া ও তার মাকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেন্দুয়া প্রতিনিধি 




















