ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সমাজের পিছিয়ে থাকা, অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতারও দাবি। উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না।
বুধবার ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। মানবিক বাংলাদেশ গড়ার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে।”
পরে গৌরীপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন ও বাস্তবায়নযোগ্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ প্রশাসক। সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত উন্নয়ন ও জনকল্যাণের দর্শন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে সাধারণ মানুষকে।”
পরে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়লে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সরকারের নীতি ও জনগণের প্রত্যাশার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলে মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি করতে হবে।”
বিকেলে গৌরীপুর অফিসার্স ক্লাবে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এই অর্জনকে সুসংহত করতে দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। ক্ষমতা ভোগের জন্য নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতি করতে হবে।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।” তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ও গণ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে জামায়াত-এনসিপি জোট জনগণকে বিভ্রান্ত করছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দেশ ও জন কল্যাণে গৃহীত পদক্ষেপ ও উন্নয়ন পরিকল্পনা ভণ্ডুল করতে দেশকে রাজনৈতিক ভাবে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে । তিনি নেতা কর্মীদের প্রতি জামায়াত- এনসিপি জোটের অপ তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহব্বান জানান ।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দল ও দেশের স্বার্থে বিভেদ নয়, ঐক্যের রাজনীতি প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।”
দিনব্যাপী সফরের অংশ হিসেবে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গৌরীপুর প্রেসক্লাব কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।”
তিনি গৌরীপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে জনগণের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
সফরকালে তিনি ময়মনসিংহ জেলা পরিষদের বাস্তবায়নাধীন বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন। এছাড়া তিনি গৌরীপুরের ঐতিহ্যবাহী আর.কে. হাই স্কুল ও গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল হক, ময়মনসিংহ জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রউফ , সার্ভেয়ার ফিরোজ আহমেদ , গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউম্যান এর সভাপতি ফেরদৌসী বেগম , উপজেলা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল , পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস , ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সহ সভাপতি মাহফুজুর রহমান , জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল , এবং প্রশাসন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট প্রতিনিধি 























