ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আধুনিক কৃষি ব্যবস্থায় পরিবেশবান্ধব বালাইনাশকের গুরুত্ব তুলে ধরতে এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ সাফাত জামান পনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের ময়মনসিংহ-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম। এছাড়াও কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ অঞ্চলের টেরিটোরি সেলস অফিসার (টিএসও) রাগিব রায়হান মিঠু।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিকের বিকল্প হিসেবে জৈব বালাইনাশক বা বায়ােপেস্টিসাইড ব্যবহারের সুফল ও এর সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম। তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশ সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহারের কোনো বিকল্প নেই।
অন্যদিকে, প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ সাফাত জামান পনির কৃষকদের ফলন বৃদ্ধি এবং টেকসই কৃষি চর্চায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এই কর্মশালায় স্থানীয় পর্যায়ের ৬০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে লাভবান হওয়ার সঠিক দিকনির্দেশনা পেয়ে উপস্থিত কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মশালাটি সফলভাবে সমাপ্ত হয়।

স্টাফ রিপোর্টার 






















