জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টােপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২২ জুন) উপজেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী প্রমুখ।
পার্টনার কংগ্রেসের আলোচনায় কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা, অর্গানিক ও জৈব বালাইনাশক ব্যবহার করা, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহার করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
এছাড়াও ভুট্টার চাষ কমিয়ে ধান চাষ বৃদ্ধি করতে কৃষকদের উৎসাহ প্রদান করা হয়। পাশাপাশি আলু চাষিদের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের জোর দেওয়া হয়। কংগ্রেসে উপজেলার ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 






















