বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই জমে উঠেছে। শীর্ষে থাকা লিওনেল মেসিকে তাড়া করছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। সোমবার রাতে দুজনই জোড়া গোল করে নিজ নিজ দলকে শেষ ৩২-এ তুলে নিয়েছেন।
গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দলের হয়ে প্রথম গোল করেন এমবাপে। ইরাকি রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে ইরাকের গোলরক্ষকের ভুলে আবারও গোলের সুযোগ পান ফরাসি অধিনায়ক। ওসমান দেম্বেলের পাস থেকে গোল করে বিশ্বকাপে নিজের ১৬তম গোল পূর্ণ করেন তিনি। ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এমবাপে। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
ফ্রান্সের তৃতীয় গোলটি করেন দেম্বেলে। মাইকেল ওলিসের পাস থেকে ডি-বক্সের ডান দিক দিয়ে ঢুকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স। বজ্রপাতের শঙ্কায় ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় সোয়া দুই ঘণ্টা পরে শুরু হলেও মাঠে তার কোনো প্রভাব পড়েনি ফরাসিদের খেলায়।
অন্যদিকে নিউইয়র্ক-নিউ জার্সিতে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। প্রথমার্ধের শেষ দিকে সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালির ভুলে এগিয়ে যায় নরওয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন বদলি খেলোয়াড় পেডারসেন।
বিরতির পর শুরু হয় হালান্ডের ঝলক। ৪৮ মিনিটে মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। পাঁচ মিনিট পর ইসমাইলা সার একটি গোল শোধ করে সেনেগালকে ম্যাচে ফেরানোর আশা জাগান।
তবে ৫৮ মিনিটে আবারও জবাব দেন হালান্ড। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। যোগ করা সময়ে সার আরও একটি গোল করলেও হার এড়াতে পারেনি সেনেগাল।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই হারে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সেনেগাল।
এদিকে গোল্ডেন বুটের লড়াইটাও বেশ জমে উঠেছে। দুই ম্যাচে চার গোল করে এমবাপে ও হালান্ড এখন সমানতালে এগিয়ে চলেছেন। তাদের সামনে রয়েছেন শুধু লিওনেল মেসি। ফলে বিশ্বকাপের ট্রফির পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার লড়াইও এবারের আসরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

স্পোর্টস ডেস্ক 
























