প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে ময়মনসিংহে নতুন একটি উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলার নাম রাখা হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’, যা জেলার ১৪তম উপজেলা হতে যাচ্ছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হবে। সরকারের লক্ষ্য, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া।
একই বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর ও কুমিল্লার বাঙ্গরা নামে আরও দুটি নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিকারের অনুমোদিত প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর হবে। এরপর নতুন উপজেলা ও থানার প্রশাসনিক সীমানা নির্ধারণ, কার্যক্রম শুরু এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিকারের বৈঠকে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানার অনুমোদনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।

স্টাফ রিপোর্টার 













