বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটেনে থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যে তিনি দেশে চলে আসবেন। ইনশাআল্লাহ, সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন।’
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টার কিছু পর তাঁর গাড়িবহর গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা দেয়। পথে পথে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। সড়কের দুই পাশে হাজারো নেতা-কর্মী ফুল, ব্যানার ও স্লোগানে তাঁকে স্বাগত জানানোর জন্য জড়ো হন। তীব্র ভিড় ও উচ্ছ্বাসের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায় গুলশানে পৌঁছাতে। বাসায় পৌঁছে দুই পুত্রবধূর সহায়তায় গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।





















