ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছেড়েছেন ওই সরকারের অধীন দায়িত্ব পালনকারী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটি জানায়, রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দেশত্যাগের অনুমতি পান।
সংবিধানের ৩৪ ও ১০২ ধারার আলোকে কোনো আদালতের নির্দেশনা না থাকলে বাংলাদেশের নাগরিকদের যাতায়াতে বাধা দেওয়া যায় না। আবদুল হামিদের বিদেশগমনে আদালতের কোনো নিষেধাজ্ঞা কিংবা পুলিশি বাধার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রটি।





















