বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
বুধবার (১৪ মে) দুপুর ২টা ১৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে চবির উপাচার্য ও সমাবর্তন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার তাঁর হাতে এই ডিগ্রি তুলে দেন।
চবির উপাচার্য জানান, ড. ইউনূসের বৈশ্বিক অবদান বিবেচনায় রেখে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এবারের সমাবর্তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করছেন। পাশাপাশি ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীও সমাবর্তনে অন্তর্ভুক্ত রয়েছেন। প্রায় ১৪ কোটি টাকার বাজেটের এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ৬ কোটি টাকা আয় করেছে। সর্বোচ্চ ব্যয় হয়েছে প্যান্ডেল, সাজসজ্জা এবং আবাসন ব্যবস্থাপনার পেছনে।
সমাবর্তনে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।





















