নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে আজ বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের নেতারা।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যার ফলে কমিশনের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। তিনি দ্রুত কমিশন পুনর্গঠনের দাবি জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, “৫ আগস্টের পর সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন। তবে এর আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি হয়ে পড়েছে।” তিনি জাতীয় নির্বাচন এবং গণপরিষদের তারিখ দ্রুত ঘোষণার দাবিও জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পাওয়ায় তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। সরকারকে এই বিষয়টি তদন্ত করা উচিত।”
তিনি আরও বলেন, “জনকল্যাণে অন্তর্বর্তী সরকারের কাজ হওয়া উচিত। কোনও দলকে খুশি করাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হতে পারে না। বিএনপি স্থানীয় নির্বাচন চায় না, তার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। তবে সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন জরুরি, যা ইসির ওপর আস্থা ফিরিয়ে আনবে।”





















