রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক খাতে সহায়তা অব্যাহত রাখতে নরওয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক স্টেট সেক্রেটারি স্টিন রেনাতে হোহেইম-এর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোশারফ হোসেন।
প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাস্তব মানুষ, যাদের আছে স্বপ্ন ও ভবিষ্যৎ। অনেকেই শিশু অবস্থায় এসেছে, এখন তারা কিশোর। ক্যাম্পেই তাদের বেড়ে ওঠা, প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন শিশু, কিন্তু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা নিজ দেশে ফিরে যেতে চাইলেও তা সম্ভব হচ্ছে না। আমাদের উচিত তাদের কথা ভুলে না যাওয়া।
ড. ইউনূস রোহিঙ্গা সংকটের পাশাপাশি অন্যান্য মানবিক খাতেও বাংলাদেশের পাশে থাকার জন্য নরওয়েকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেন।
হোহেইম এই মানবিক সংকটের গুরুত্ব স্বীকার করে বলেন, “এ সংকটে নেতৃত্ব প্রদানের জন্য আমরা বাংলাদেশের ভূমিকাকে আন্তরিকভাবে কৃতজ্ঞচিত্তে স্বীকার করি। আমরা আমাদের সম্পর্ককে শুধু উন্নয়ন সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত, গতিশীল অংশীদারত্বের দিকে এগিয়ে নিতে চাই।”
এ সময় নরওয়েজীয় স্টেট সেক্রেটারি দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং দুদেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, “আপনি নরওয়েতে সুপরিচিত একটি নাম। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আপনাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে।”
ড. ইউনূস দুদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “সংকটের সময়গুলোতে নরওয়ে সবসময় বাংলাদেশের পাশে ছিল। আমাদের উন্নয়ন অভিযাত্রায় আপনাদের ভূমিকা অনস্বীকার্য।”





















