নারী সংস্কার কমিশনের কিছু বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি, তাই এই রিট প্রি-ম্যাচিউড (অকাল)। তবে ভবিষ্যতে সরকার যদি এসব সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়, তাহলে রিটকারী তখন আদালতের দ্বারস্থ হতে পারবেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রওশন আলী এবং কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। এর আগে গত ১৯ মে শুনানি শেষে আদেশের জন্য ২৬ মে দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’-এর ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ে থাকা কিছু সুপারিশ ইসলামি শরিয়ত, সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে রিটটি দায়ের করা হয়। একইসঙ্গে এসব বিষয়ে পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়।
উল্লেখ্য, ৩১৮ পৃষ্ঠার এই প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।






















