চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জাপান সফরকালে ড. ইউনূস প্রায় ২০টি কর্মসূচিতে অংশ নেন। সফরের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যে চলতি বছর অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রতিশ্রুতি দেয়। একই দিন তিনটি সমঝোতা স্মারকে সই হয়—অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বিষয়ে ঋণ, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ প্রকল্পে ঋণ এবং মানবসম্পদ উন্নয়নে বৃত্তি।
টোকিওতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন এবং ছয়টি এমওইউ স্বাক্ষরিত হয়। এছাড়া জাপানে শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে আরও দুটি সমঝোতা স্মারকে সই হয়।
সফরে ড. ইউনূস ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ দিতে সমর্থনের আহ্বান জানান।
এছাড়া সোকা বিশ্ববিদ্যালয় সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।






















