জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ আজ সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ও অংশীজনদের সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মাধ্যমে জুলাই সনদের চূড়ান্ত রূপ পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন পদ্ধতি, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।
এর আগে, প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই সময়ে কমিশন ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে।






















