ময়মনসিংহ জেলার অন্যতম শিল্পসমৃদ্ধ এলাকা ভালুকা পৌরসভা। এখানে গড়ে উঠেছে অসংখ্য শিল্প-কারখানা, যেখানে প্রতিদিন কাজ করে হাজার হাজার শ্রমিক। তবে সেই শিল্পাঞ্চলের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থায় জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার অধিকাংশ সড়কেরই এখন করুণ অবস্থা। পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কোথাও কোথাও সড়কের দুই পাশ ধসে গিয়ে রাস্তার প্রস্থ কমে গেছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে গিয়ে রাস্তাগুলো আরও বিপজ্জনক হয়ে পড়ে। নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা।
বিশেষ করে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালী গজারি খাল মোড় থেকে সালাম মার্কেট পর্যন্ত সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন গেøারী টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড ডিবিএল গ্রুপের কারখানার কয়েক হাজার শ্রমিক যাতায়াত করেন। সড়কে খানাখন্দ ও কাদা-পানির কারণে তাদের স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। উৎপাদিত বৈদেশিক পণ্য সরবরাহেরও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
শ্রমিক মাসুদ মিয়া বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে কারখানায় যাওয়া আসা করতে হয়। কখনো পায়ে হেঁটে, কখনো রিকশায়, কিন্তু রাস্তার এমন অবস্থায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছি। অনেক সময় দুর্ঘটনাও ঘটে।’
এছাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ অন্যান্ন সড়কগুলো হলো ভালুকা পাবলিক ভালুকা ফাজিল মাদরাসা রোড, হল রোড, কলেজ মহল্লা রোড, পাবলিক হল রোড়, কোর্ট বভন মহল্লা রোড, ভান্ডাব রোড। এসব সড়কে যানবাহন চলাচলে ঝুঁকি থেকে যাচ্ছে প্রতিনিয়ত।
অটো চালক খাইরুল ইসলাম বলেন, ‘সড়ক খারাপ থাকার কারণে যাত্রি ও মালামাল পরিবহনে খুব কষ্ট হয়। যাত্রিরা অটোতে উঠতে ভয় পায়। মাঝে মাঝে দূর্ঘটনাও ঘটে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, পৌর কর্তৃপক্ষের নজরে বারবার বিষয়টি আনা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি রাস্তাগুলোর সংস্কারে কোনো প্রকল্প গ্রহণ বা কাজ শুরুর কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
ভালুকা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সড়কগুলোর অবস্থা সম্পর্কে অবগত। কিছু প্রস্তাবনা ঊর্ধ্বতন দফতরে পাঠানো হয়েছে। বাজেট ও বরাদ্দ পেলেই যেগুলো বেশি বেহাল সেগুলো অগ্রাধীকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই আশ্বাস শোনা গেলেও বাস্তবে উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাগুলোতে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন, নইলে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।





















