চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সৃষ্ট দুর্ঘটনার ঘটনায় রেলপথ মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি, প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বরখাস্তকৃত রেলকর্মীরা হলেন—ট্রেনের গার্ড সোহেল রানা (চট্টগ্রাম হেডকোয়ার্টার), লোকোমাস্টার গোলাম রসুল (টি-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার মাহবুব (টিএলআর)।
গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির বাকি সদস্যরা হলেন—ডিএমই (লোকো), বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী অংশে কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত হন, যাদের মধ্যে একটি শিশু ছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার সময় সেতুর ওপর একটি যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুর দিকে অগ্রসর হয়। নিয়ম অনুযায়ী, লাইনম্যানের সংকেত ছাড়া ট্রেন সেতুতে প্রবেশ করতে পারত না, কিন্তু চালক সেই নির্দেশনা উপেক্ষা করেন। ফলে সেতুর ওপর থাকা একটি অটোরিকশা, মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যায়।





















