বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য়। এ উপলক্ষে দেশবাসী এবং দলের নেতা-কর্মীদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরোজায় অবস্থান করছেন এবং সেখানেই ঈদ উদযাপন করবেন। তার পরিবারের পক্ষ থেকে কোরবানি এখানেই দেওয়া হবে। একইসাথে, তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও কোরবানি ফিরোজাতেই সম্পন্ন হবে।”
তিনি আরও জানান, গাবতলীসহ দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের নামে দলের নেতা-কর্মীরাও কোরবানি দেবেন।
ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন। তার মেঝো বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা ফিরোজায় এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং খালেদা জিয়া তাদের সঙ্গে দুপুরের খাবারও গ্রহণ করবেন।
ঈদের রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
ডা. জাহিদ জানান, লন্ডনে অবস্থানরত তারেক রহমান আজ শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করছেন। ইতোমধ্যে তিনি ঈদগাহে নামাজ আদায় করেছেন এবং সকালে মাকে ফোনে ঈদ মোবারক জানিয়েছেন। এ সময় খালেদা জিয়া পুত্রবধূ জুবাইদা রহমান এবং নাতনিদের সাথেও কথা বলেন।
বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান, জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও তাদের কন্যা জাহিয়া ও জাফিয়া রহমান। গতকাল রাতে জুবাইদা রহমান ঢাকা থেকে লন্ডনে পৌঁছান।
দেশবাসী ও প্রবাসী নেতা-কর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে।
ডা. জাহিদ বলেন, “ম্যাডাম সব সময় দেশের সাধারণ মানুষের কথা ভাবেন। যেন সকলে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে—সে বিষয়ে তিনি অত্যন্ত সচেতন।”






















