অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও তাঁর কর্মসূচিতে রয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী নীতিগত গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত একটি সংলাপেও অংশ নেবেন তিনি।
এ সফরেই লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূসের সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন একটি বৈঠক হতে পারে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ১৩ জুন অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ করবেন।
সফরের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন নিশ্চিত করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা। সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।






















