নেত্রকোনার মদনে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত জহরু মিয়া(৩০),জুলহাস খান(৩৬),আজিদা আক্তার (৫০),মোঃ সাইদুল (৪০),রিজম (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদেরকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আলমশ্রী গ্রামের সালেম উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া সোহেল মিয়ার মনোহারী দোকান থেকে আনুমানিক ৬ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। বিষয়টি সোহেল মিয়ার ভাতিজা এমদাদ মিয়া জানতে পেরে উপজেলার হাটশিরা বাজার থেকে কাইয়ুম মিয়াকে ধরে নিয়ে আসে। পরে বিষয়টি তার বাবা সালেহ উদ্দিন জানতে পেরে সোহেল মিয়াকে ২ হাজার টাকা দিয়ে ক্ষমা চায়। সোহেল মিয়া টাকা না রেখে ফেরত দেয়। পরে এ নিয়ে সাহেল উদ্দিনের খালাতো ভাই ইউপি সদস্য ফারুক মিয়ার সাথে সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় উভয় পক্ষে ১৮ জন আহত হয়েছে।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এ ব্যাপারে উভয় পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





















