দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। মঙ্গলবার (১০ জুন) ভোরে জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং নয়জন শিশু রয়েছে। তারা ভোরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দলের হাতে আটক হন এবং পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের পুশ ইন করার প্রবণতা বেড়েছে। দিনাজপুর সীমান্তেও একই ধরনের ঘটনা ঘটছে। সীমান্ত এলাকায় সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। এর আগেও এই সীমান্ত পয়েন্ট দিয়ে ৫৭ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।





















