ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ের ঢালে বসতভিটায় হানা দিয়েছে বন্য হাতির পাল। দলটি ঘর ভেঙে সেখানে থাকা ধান-চাল খেয়েছে ও আসবাব তছনছ করেছে। উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী জখমকুড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকা চষে বেড়াচ্ছে ৩৫ থেকে ৪০টি হাতির একটি পাল। এগুলো প্রায়ই মহিষলেটি, জখমকুড়া ও কড়ইতলী পাহাড়ের ঢালে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে।
গতকাল সন্ধ্যার পর থেকে পালটি জঙ্গল ছেড়ে জখমকুড়ায় পাহাড়ের ঢালে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বন বিভাগের কর্মী, এলাকাবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা রাত ১১টা পর্যন্ত মশাল জ্বালিয়ে ও হইহুল্লোড় করে দলটিকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেন। মধ্যরাতে বৃষ্টি হলে লোকজন বাড়ি চলে যান। তখন হাতিগুলো পুনরায় ফিরে এসে জখমকুড়ায় হানা দেয়। হাতির আক্রমণের ভয়ে বাড়িঘরের লোকজন নিরাপদ দূরত্বে সরে পড়েন। এ সময় চার-ছয়টি ঘরে হামলা চালিয়ে শেষরাতে দলটি বাতকুচি জঙ্গলে ফিরে যায়।
ক্ষতিগ্রস্ত মেরিসন দিও বলেন, ‘রাতের বেলা কয়েকটি হাতি খাবারের সন্ধানে নেমে আসে। পরে বসতঘর ও আসবাব ভেঙে তছনছ এবং ঘরে থাকা ধান-চাল খেয়ে সাবাড় করেছে। আমরা এখন চলব কীভাবে?’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের বলেন, ‘হাতির পালটি ছয়টি পরিবারের ঘরে আক্রমণ চালায়। চারটি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সঠিক সমাধান চাই।’
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ পেতে আবেদন করতে বলা হয়েছে। এ ছাড়া এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।





















