ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ ফল ও কাঁচাবাজার আজ শনিবার (২৬ জুন)দুপুরে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
এ দিন দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বসা ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।
তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকজনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘এই বাজার বহুবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বসে পড়ে। এবার নিয়মিত নজরদারি চালানো হবে। প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচলের স্বার্থে কোনো অবস্থাতেই বাজার বসতে দেওয়া হবে না। প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।





















